ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উদ্যোগকে ‘অনুসরণযোগ্য’ বলল আঙ্কটাড

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উদ্যোগকে ‘অনুসরণযোগ্য’ বলল আঙ্কটাড
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩৬

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগকে কার্যকর বাস্তবায়নের ‘অনুসরণযোগ্য উদাহরণ’ হিসেবে তুলে ধরেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)। সংস্থাটি বলেছে, বাংলাদেশের বিনিয়োগনীতি সংস্কারের অভিজ্ঞতা অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য কার্যকর মডেল হতে পারে।

জাতীয় বিনিয়োগ উন্নয়ন ও সহায়ক সংস্থা ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জেনেভায় অনুষ্ঠিত আঙ্কটাডের বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে বাংলাদেশ ও তিউনিসিয়ার বিনিয়োগনীতি সংস্কারের উদ্যোগকে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য কার্যকর মডেল হিসেবে তুলে ধরা হয়। বৈশ্বিক অর্থনীতি, সরবরাহব্যবস্থা ও বিনিয়োগ প্রবাহে পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলো কীভাবে নিজেদের বিনিয়োগনীতি নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করছে, অধিবেশনে তা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশবিষয়ক আলোচনার ভিত্তি ছিল আঙ্কটাডের বাংলাদেশের বিনিয়োগ নীতি পর্যালোচনার বাস্তবায়ন প্রতিবেদন।

ইনভেস্ট বাংলাদেশ বলছে, ওই প্রতিবেদনে ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশের প্রথম বিনিয়োগ নীতি পর্যালোচনায় দেওয়া সুপারিশগুলোর বাস্তবায়নে অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। এতে নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজীকরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, ডিজিটাল বিনিয়োগসেবা এবং বিনিয়োগ উন্নয়ন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে।

আঙ্কটাডের ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৬’-এও বৈশ্বিক বিনিয়োগের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে গ্রিনফিল্ড বিনিয়োগ পাওয়া অল্পসংখ্যক স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশকে বিশেষভাবে উল্লেখ করেছে আঙ্কটাড। একই প্রতিবেদনে বৈদেশিক মুদ্রা–সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে। আঙ্কটাডের মতে, এ ধরনের পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ সহজ করতে সহায়ক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাত দিয়ে ইনভেস্ট বাংলাদেশ জানায়, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের বাস্তবায়নকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ইনভেস্ট বাংলাদেশ বলছে, বিনিয়োগনীতি সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা নীতিগত সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও সহায়ক হতে পারে।

আরও পড়ুন

×