ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মরিয়ামের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, স্ত্রীর জামিন

মরিয়ামের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, স্ত্রীর জামিন
×
×

গাজী নজরুল

 আদালত প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:৩৭

| প্রিন্ট সংস্করণ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের জামিনে আপত্তি নেই জানিয়ে গতকাল বুধবার আদালতে আপসনামা জমা দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার এমপি গাজী নজরুলের মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়াম আক্তারের বাবা এস এম মাসুম বিল্লাহ এবং সাতক্ষীরার বাসিন্দা মো. আবদুল হালিম মোড়ল এই আপসনামায় সই করেন। 

আপসনামায় বলা হয়, আসামি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর হলে বাদীপক্ষের বা পরিবারের কোনো সদস্যের আপত্তি থাকবে না। দুই আসামি জামিন পেলে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও পারিবারিক সম্পর্ক বজায় রাখতে আন্তরিক প্রচেষ্টা চালাবে। এ ছাড়া উভয় পক্ষ বিচারাধীন বিষয়ের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে এবং বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করবে।  
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সংসদ ভবনের বিপরীত পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ামের লাশ উদ্ধারের ১০ দিন পর গতকাল এই আপস-মীমাংসার খবর জানা গেল।   আসামি গাজী নজরুলের আইনজীবী মিফতাহুর রহমানও  আপস-মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল গাজী নজরুল ইসলামের জামিনের আবেদন নাকচ করেন আদালত। তবে প্রথম স্ত্রীর জামিন মঞ্জুর করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়ত উল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। 

জামিনে বলা হয়, বাদীর সঙ্গে এমপি নজরুলের আপস-মীমাংসা হয়ে গেছে। তাদের দুজনকে জামিন দিলে বাদীর কোনো আপত্তি নেই– এ সময় বাদী কাঠগড়ায় উপস্থিত থেকে সম্মতি জানান। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত না। বাদীপক্ষের সঙ্গে মীমাংসা হয়েছে। শুনানিতে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিনে তাঁর আপত্তি নেই। 
এর আগে সোমবার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 
গত ২২ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুলের প্রথম  স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে এবং  ২৩ সেপ্টেম্বর  ভিকটিম মরিয়ামের  মামা ও নজরুলের মামা শ্বশুর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠান আদালত।

আরও পড়ুন

×