চট্টগ্রামে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মন্ত্রী, শিগগিরই মহিলা হোস্টেল চালুর আশ্বাস
শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:২৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:৩৬
চট্টগ্রাম নগরীর কালুরঘাটে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কর্মজীবী নারীদের আবাসন সমস্যা সমাধানে নির্মাণ করা আধুনিক মহিলা হোস্টেলটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মজীবী নারীদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে কালুরঘাটের শ্রম কল্যাণ কেন্দ্রে একটি আধুনিক হোস্টেল নির্মাণ করা হয়েছে। তবে বিভিন্ন সমস্যার কারণে এটি এখনো চালু করা সম্ভব হয়নি। হোস্টেলটি দ্রুত চালুর লক্ষ্যে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের জন্য মন্ত্রী সরেজমিনে কেন্দ্রটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মজীবী নারীদের আবাসন সংকট নিরসনে হোস্টেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দ্রুত চালুর লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিগগিরই বৈঠক করা হবে। ওই বৈঠকে হোস্টেলটি কবে নাগাদ চালু করা সম্ভব, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।