ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২০:২২
দেশে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে ৬ শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে মোট ১২ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৯৪৩ জন, ময়মনসিংহে ৬০, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫, বরিশাল বিভাগে ২১৯ জন এবং সিলেটে ২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৫ হাজার ৮৭৬ জন। আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯০৯ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এবার সবেচেয়ে বেশি ঢাকা বিভাগে ২০৮ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮০, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছে।
এদিকে, মঙ্গলবার হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়-গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮২ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৪০০ শিশু। এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২৬৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকী ১ হাজার ১৫৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৮৯৬ শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৩২ হাজার ৮২৩ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৪ হাজার ৭৩ জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ৭ হাজার ৪২৮ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯৮ হাজার ৭৫২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘন্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৫ জন এবং বরিশাল বিভাগের একজন রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৬ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৬১ জন।