ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কারাগারেই থাকতে হচ্ছে মীর নাছিরকে

কারাগারেই থাকতে হচ্ছে মীর নাছিরকে
×

মীর মো. নাছির উদ্দিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ১০:৫৭

দুর্নীতির মামলায় সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিনের জামিন আবেদনের শুনানি আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি নেতা মীর নাছিরকে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। ওই মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই রায়ে মীর নাসির উদ্দিনকে ১২ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৯ নভেম্বর আপিলের পুনঃশুনানি নিয়ে পৃথক রায়ে মীর নাছির ও তার ছেলে মীর হেলালকে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখেন হাইকোর্ট। ওই মামলায় জামিন চেয়ে মীর নাছিরের করা আবেদনের শুনানিই গতকাল আপিল বিভাগে মুলতবি করা হয়েছে।

আরও পড়ুন

×