ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় পতাকা মিছিল ১ ডিসেম্বর

সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় পতাকা মিছিল ১ ডিসেম্বর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১২:৩৫

আগামী ১ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় পতাকা মিছিল করবে সম্মিলিত সামাজিক আন্দোলন। দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিহত করা এবং ষড়যন্ত্রকারী মুনাফালোভী মাফিয়া চক্রের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে ওই দিন বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় পতাকা মিছিলের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বুধবার শাহবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ড. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, কেন্দ্রীয় নেতা সানোয়ার হোসেন সামছী, ডা. অসিত বরণ রায়, ড. সেলু বাসিত, নুরুল আমিন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ফজলু, জুবায়ের আলম, তনিমা সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, পেঁয়াজ, চাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন ও অস্থিতিশীল করতে খুব পরিকল্পিত সিন্ডিকেট গঠিত হয়েছে। দেশে অস্থিতিশীলতার ক্ষেত্র তৈরি করে স্বার্থান্বেষী মহল সুযোগ নিতে চায়। অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উচ্চপদস্থদের লাগামহীন মন্তব্যে মানুষ হতাশ ও ক্ষুব্ধ। সড়ক পরিবহন আইনের বাস্তবায়নে মাফিয়া চক্রের সঙ্গে সমঝোতা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এসব সংকট থেকে উত্তরণে জনগণের জাগরণ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। দেশবাসীকে এ মজুদদার ও লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

×