ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আদালতে ওসি মোয়াজ্জেম

আদালতে ওসি মোয়াজ্জেম
×

ওসি মোয়াজ্জেম (ফাইল ছবি)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ২৩:১৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ২৩:৫৬

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। 

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার রায় ঘোষণা করা হবে। 

মামলাটির রায় ঘোষণা করবেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন।

এর আগে গত ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। 

গত ১২ নভেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর ১৪ নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন ওসি মোয়াজ্জেম। 

গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আদালত মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা মামলাটি তদন্ত করে ২৩ মে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৭ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মাদ্রাসাছাত্রী নুসরাত তার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়েছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ করা হয়, মোয়াজ্জেম বেআইনিভাবে মোবাইল ফোনে নুসরাতের জবানবন্দির ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসলামিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাতের মৃত্যু হলে গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সুমন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৭ মে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন সাইবার ট্রাইব্যুনাল। পরে নুসরাতের মৃত্যুর পর ওসি মোয়াজ্জেমকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৬ জুন হাইকোর্ট এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে পুলিশ।


আরও পড়ুন

×