লিবিয়ায় নিহত ৩ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০০:০৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৯:৪৯
লিবিয়ায় ড্রোন হামলায় নিহত তিন বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইজেড ২১৮ চার্টার্ড ফ্লাইটে করে লাশ তিনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এছাড়া আরও ১৪৯ বাংলাদেশি ওই ফ্লাইটে ফিরেছে।
বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদের মধ্যে অন্তত ছয়জন আহত রয়েছেন। তাদের হুইল চেয়ারে করে নামানো হয়েছে।
তিনি জানান, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, বিশেষত আইওএমের সক্রিয় সহায়তায় লাশ তিনটি ও ১৪৯ বাংলাদেশিকে আনা সম্ভব হয়েছে।