কুবির ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত
ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৮:০৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই মেধাতালিকায় ১২তম হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে ওই ইউনিটের ভর্তি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদন করলেও ওই পরীক্ষায় অংশ নেননি মো. সাজ্জাতুল ইসলাম। পরীক্ষার্থীদের জন্য উপস্থিতির তালিকায় তার স্বাক্ষরও নেই। তবে ১২ নভেম্বর প্রকাশিত 'বি' ইউনিটের ফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম মেধাতালিকায় (মানবিক) ১২তম স্থান অধিকার করেছেন। পরীক্ষা না দিয়েও মেধা তালিকায় ১২তম হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারকে সদস্য এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক সদস্য সচিব করা হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, যেহেতু গণমাধ্যমে এ ধরনের খবর এসেছে তাই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই তিন দিন 'বি' ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন।
- বিষয় :
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়