ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

তিন বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট

তিন বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ১২:৩০

খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট শুরু হচ্ছে আজ। ১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের নেতারা এ ধর্মঘটের ডাক দেন। 

গত মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধর্মঘট ডাকা হলেও এর বিরোধিতা করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তারা বলেছেন, বহিস্কৃত দুই ব্যক্তি বিশেষ উদ্দেশ্যে ধর্মঘটের ডাক দিয়েছেন। সারাদেশে ধর্মঘট পালন করার মতো ক্ষমতা না থাকায় তারা শুধু তিন বিভাগে ধর্মঘট ডেকেছে।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মঘট আহ্বানকারী পক্ষের নেতা বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মিজানুর রহমান রতন বলেন, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ধর্মঘট ডাকা হয়েছে। তিনি জানান, ১২ বছর ধরে কমিটি দেননি সংগঠনের নেতারা। সে কারণে তারা আলাদা কমিটি করেছেন। তাদের কমিটিই বৈধ।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, ধর্মঘট আহ্বানকারীদের সারাদেশে কোনো কর্মকাণ্ড না থাকায় তারা শুধু তিনটি বিভাগে ধর্মঘটের ডাক দিয়েছে। দেশের কোথাও ধর্মঘট পালন হবে না। তিনি বলেন, যারা ধর্মঘট ডেকেছে তাদের একজনকে ১২ বছর আগে আরেকজনকে গত বছর সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

১৫ দফা দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান নাকি পরিবেশক পরিশোধ করবেন তা সুনির্দিষ্ট করা, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের প্রথা বাতিল করা, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের প্রথা বাতিল করা ইত্যাদি।

আরও পড়ুন

×