আসকের কার্যালয় ছাড়ার আদেশে স্থিতাবস্থা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৬
রাজধানীর লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যালয় দুই মাসের মধ্যে ছেড়ে দিতে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের করা দুই লাখ টাকা জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেন।
আদালতের আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আদেশের পর জেড আই খান পান্না সাংবাদিকদের জানান, হাইকোর্ট স্থিতাবস্থা জারি করেছেন। এর ফলে আসক কার্যলয় বর্তমানে যেভাবে আছে সেভাবেই থাকবে।
গত ১৪ নভেম্বর আসক কার্যালয়ে অভিযান চালিয়ে দুইমাসের মধ্যে ওই কার্যালয় ছেড়ে দিতে আদেশ দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। আবাসিক এলাকায় কার্যালয় পরিচালনা করায় মানবাধিকার সংগঠনটিকে তখন দুই লাখ টাকা জরিমানাও করা হয়।
রোববার ভ্রাম্যমাণ আদালতের ওই আদেশের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন
করে আসক।