ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন হাইকোর্টে

বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন হাইকোর্টে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৫ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ০৪:৫৮

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় দলটির শীর্ষ চার নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাদেরকে এই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। আগাম জামিন পাওয়া বিএনপির চার নেতা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।

গত ২৬ নভেম্বর দুপুরে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে মির্জা ফখরুলসহ চার নেতা আগাম জামিন নিয়েছেন।

আরও পড়ুন

×