ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নারী নির্যাতন মামলা: সেই আমলাকে স্ত্রীর জিম্মায় দিলেন আদালত

নারী নির্যাতন মামলা: সেই আমলাকে স্ত্রীর জিম্মায় দিলেন আদালত
×

সমকাল ও আদালত প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ১১:২২

স্ত্রী নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব ডা. জাকির হোসেনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান রোববার এক হাজার টাকা মুচলেকায় স্ত্রী ডা. ফাতেমা জাহানের জিম্মায় জামিন মঞ্জুর করেন।

ডা. ফাতেমা আদালতে উপস্থিত হয়ে বিচারককে বলেন, 'আমাদের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। আমরা আবার সংসার করব। আমার স্বামীকে জামিন দিন। ডা. জাকির জামিন পেলে আমার কোনো আপত্তি নেই।' শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

স্বামীর নির্যাতনের শিকার ডা. ফাতেমা গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ছাড়া পান। স্বামীর নির্যাতনের পর শনিবার রাতে জাতীয় জরুরি সেবার হটলাইন '৯৯৯' ফোন করেন ডা. ফাতেমা। এরপর রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি টিম বেইলী রোডের সুপিরিয়র সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আহতবস্থায় ডা. ফাতেমাকে উদ্ধার করেন। সেখান থেকে পরে তাকে রাতেই ভর্তি করা হয় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

পরে ফাতেমা তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ডা. জাকিরকে গ্রেফতার করে পুলিশ। ডা. জাকির বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জন প্রশাসনে মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই নিশাত জাহান সমকালকে বলেন, ডা. ফাতেমার অভিযোগের ব্যাপারে তার স্বামীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। এছাড়া মামলার এজাহারের বাইরে ফাতেমার আরও কোনও বক্তব্য রয়েছে কি-না তাও জানতে চাওয়া হয়। সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করা হবে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে জানান, এই মামলায় জাকির হোসেন ছাড়া অন্য কেউ অভিযুক্ত না থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার প্রয়োজন হয়নি। এ কারণে গতকাল রিমাণ্ড আবেদন ছাড়াই ডা. জাকিরকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

×