ঢাবির গণরুম পরিদর্শনে নুরকে বাধা ছাত্রলীগের
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ১২:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের গণরুম পরিদর্শন করতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার সম্মুখীন হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। এ সময় ছাত্রলীগের নেতাকর্মী ও নুরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজয় একাত্তর হলের গণরুমের শিক্ষার্থীদের দেখতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপির সঙ্গে থাকা ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেনসহ অন্যরাও ধাক্কাধাক্কি ও হেনস্থার শিকার হন।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, দুপুরে বিজয় একাত্তর হলে যাওয়ার পর প্রথম
বর্ষের কয়েকজন শিক্ষার্থী কথা বলার আগ্রহ প্রকাশ করলে আমরা গণরুমে যাই।
সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন
উচ্ছৃঙ্খল আচরণ করে। একই সঙ্গে অশ্রাব্য ভাষা ব্যবহার করে। নুর বলেন,
ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়- আমরা কাজ করি না, শিক্ষার্থীদের খোঁজ
নেই না। মূলত তারা চায় না, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হোক।
তবে ওই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, অনুমতি না নিয়ে নুর রুমে ঢুকেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিজয় একাত্তর হলের ঘটনাটি শুনেছেন। এখন হল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেখানে কী হয়েছে তা জানার পর ব্যবস্থা নেওয়া হবে। তবে ভিপি নুরুল হক বিজয় একাত্তর হল প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে গেছেন কি-না তাও জানতে হবে বলে জানান প্রক্টর।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, নুরের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমার হলে কোনো ধরনের অপকর্ম প্রশ্রয় দেওয়া হয় না। এ বিষয়ে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নুর ডাকসুর ভিপি।
এটা শুধু একটা পদ নয়, এটা একটা প্রতিষ্ঠানও।
