ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
×

ফাইল ছবি

বাসস

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ২০:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ২৫ শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

এর আগে বিমানটি ঢাকার উদ্দেশে মাদ্রিদের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টরিজন বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রদূত ও ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কপ২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (ইউএনএফসিসিসি) স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২ ডিসেম্বর মাদ্রিদে শুরু হয়, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে অংশ নিতে গত রোববার বিকেলে প্রধানমন্ত্রী মাদ্রিদ পৌঁছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এপিবিশন কমপ্লেপ, ইউরোপের গুরুত্বপূর্ণ ভেন্যু ফারিয়া দা মাদ্রিদে (আইএফইএমএ) কপ২৫ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। পরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ দিন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রী 'ন্যাশনাল প্ল্যানস টু ইনক্রিস অ্যামবিশন বাই ২০২০' শীর্ষক একটি সাধারণ গোলটেবিল বৈঠক ও ফটোসেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী কপ২৫ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেওয়া ভোজসভায় অংশ নেন। পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে 'এনহেন্সিং অ্যাকশন টুগেদার' শীর্ষক একটি সংলাপে যোগ দেন। সোমবার সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা ও রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

×