হজে বাংলাদেশিদের কোটা বাড়ল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১২:৩৭ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ১৩:৩৪
বাংলাদেশিদের জন্য হজ কোটা ১০ হাজার বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সে হিসাবে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯১ জন পবিত্র হজ পালন করার সুযোগ পাবেন।
বুধবার সকালে মক্কায় সৌদি আরব ও বাংলাদেশ সরকারের মধ্যে বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আর সৌদি আরবের নেতৃত্বে ছিলেন দেশটির হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত।
মুসলিম জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অনুকূলে সৌদি কর্তৃপক্ষ হজ কোটা বরাদ্দ দেয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পেয়ে আসছেন।
বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে এবার অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশির হজের অনুমতি চাওয়া হয়েছিল। চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১ আগস্ট। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন।
