জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটি গঠন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং মামলা নিষ্পত্তি কার্যক্রম পর্যালোচনায় জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটির সভাপতি হবেন জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলার পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপযুক্ত প্রতিনিধি (পুলিশ সুপারের পদমর্যাদার নিচে নয়), পাবলিক প্রসিকিউটর (আইন ও বিচার বিভাগের প্রতিনিধি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এই কমিটির কার্যপদ্ধতি সম্পর্কে পরিপত্রে বলা হয়েছে, এই কমিটি প্রতি মাসে ন্যূনতম একটি সভার আয়োজন করবে, প্রয়োজনে একাধিক সভা করবে এবং সভার কার্যবিবরণী মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং আইন ও বিচার বিভাগে পাঠাবে।
