যৌন নিপীড়নের অভিযোগ: বশেমুরবিপ্রবি প্রভাষককে সাময়িক অব্যাহতি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত চলমান থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের আওতাধীন থাকায় যৌন নিপীড়ন প্রতিরোধ-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হলো। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক নেপালি ছাত্রী শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান ও আইন বিভাগের শিক্ষক মানসুরা খানমকে প্রধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এর পরই হুমায়ুন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়। নেপালি শিক্ষার্থীকে যৌন নিপীড়ন প্রতিবাদ ও বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন নেপালি শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমদ বলেন, তদন্ত কমিটির সুপারিশে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
