ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

খুলে দেওয়া হয়েছে জাবির হল, ফের শুরু আন্দোলন

খুলে দেওয়া হয়েছে জাবির হল, ফের শুরু আন্দোলন
×

জাবিতে আন্দোলনকারীদের একাংশ -সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৮

খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। বৃহস্পতিবার খোলার প্রথম দিনেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে প্রথম দিনেই উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলকারী শিক্ষক-শিক্ষার্থীরা। 

দুর্নীতির অভিযোগে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনের টানা এক মাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিল। আগামী রোববার থেকে তাও শুরু হবে।

বুধবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া ও আগামী রোববার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘোষণা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা রাতেই হলে ফিরে আসেন।

বৃহস্পতিবার সকাল থেকেই দূরের শিক্ষার্থীরাও ফিরে আসতে শুরু করেন। রোববার ক্লাস শুরুর সিদ্ধান্ত হওয়ায় আগামীকাল শনিবার নাগাদ অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ক্লাস-পরীক্ষা চালু হলেও ফাতিহা-ই-ইয়াজদাহম, বুদ্ধিজীবী হত্যা দিবস, বিজয় দিবস ও শীতকালীন ছুটি বাদ দিলে এ মাসে মাত্র ১০ দিন ক্যাম্পাস খোলা থাকবে। আগামী ২২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।

এর আগে গত ৫ নভেম্বর আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি হলে এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন

×