ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জীববিজ্ঞান উৎসবে জাতীয় পর্যায়ের জন্য ১১০৫ জন নির্বাচিত

জীববিজ্ঞান উৎসবে জাতীয় পর্যায়ের জন্য ১১০৫ জন নির্বাচিত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২১ | ০৯:১৪ | আপডেট: ০৮ মে ২০২১ | ০৯:২০

বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবে এবার জাতীয় পর্যায়ের জন্য এক হাজার ১০৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। শনিবার এই ফলাফল প্রকাশ করা হয়। বিজয়ীরা আগামী ২২ মে অনুষ্ঠিতব্য জাতীয় জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

গত ৭ মে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২১-এর আঞ্চলিক পর্ব দেশব্যাপী অনলাইনে অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি--এই তিনটি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। 

এ বছর পর্তুগালের লিসবন শহরে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও)-এর ৩২তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে 'আইবিও চ্যালেঞ্জ ২০২১' নামে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে আইবিও কর্তৃপক্ষ। উক্ত চ্যালেঞ্জে কোন চারজন ক্ষুদে জীববিজ্ঞানী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, তা নির্বাচনের প্রথম ধাপ ছিল গত ৭ মে অনুষ্ঠিত আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। ক্রমে জাতীয় জীববিজ্ঞান উৎসব, প্রি-ক্যাম্প নির্বাচনী পরীক্ষা, জাতীয় বায়োক্যাম্প, মাস্টার ক্যাম্প ইত্যাদি ধাপের মধ্য দিয়ে খুঁজে নেয়া হবে আইবিও চ্যালেঞ্জ ২০২১-এ প্রতিদ্বন্দ্বিতার যোগ্য সেই চার মেধাবীকে। 

বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবে এবার জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিতদের বিস্তারিত তালিকা পাওয়া যাবে এই লিংকে (https://bdbo.org/orbo2021)।

আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের জন্য আগামী ৯ মে থেকে জাতীয় পর্যায়ের রেজিস্ট্রেশনের সুযোগ উন্মুক্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে (bdbo.org/reg)। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের হাত ধরে দেশের শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি হবে--এমনটাই আশা করেন বিডিবিও-এর সঙ্গে যুক্ত সকল চিন্তাবিদ ও স্বেচ্ছাসেবীরা।

আরও পড়ুন

×