ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ:  কৃষিমন্ত্রী
×

কৃষি তত্ত্ব সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:২০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৮

বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটরিয়ামে কৃষি তত্ত্ব সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন,  ‘মাত্র ৮ দশমিক ৭৫ মিলিয়ন হেক্টর জমিতে আবাদ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশের মর্যাদা অর্জন করেছে। এসব সম্ভব হয়েছে কৃষিবিদদের যথাযথ দায়িত্ব পালনের কারণে।’

তিনি বলেন,  ‘কৃষিকে লাভজনক করতে উৎপাদন খরচ কমাতে পঞ্চমবারের মতো সারের দাম কমিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশের কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে।’

কৃষিমন্ত্রী আরও বলেন,  ‘নগরায়ণ, শিল্পায়নের ফলে বছরে প্রায় ৬৫ হাজার হেক্টর কৃষি জমি হ্রাস পাচ্ছে,  তাই  অল্প জমিতে অধিক ফসল ফলাতে হবে এবং মাটির স্বাস্থ্যের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে।’ 

বাংলাদেশ এগ্রোনমি সোসাইটির সভাপতি ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরডি’র সদস্য ও সিনিয়র সচিব ড. মো. সামসুল ইসলাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়াইস কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ড. মো. ওমর আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস।

আরও পড়ুন

×