ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার আপ রুয়েট

রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার আপ রুয়েট
×

চ্যাম্পিয়নদের পুরস্কার তুলে দিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন- সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৩

'বিজয়ের রঙে শাণিত হোক যুক্তির মহাকাল' এই স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু'দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং রানার আপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। গ্রুপ অব লিবারেল ডিবেটস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত বিতর্ক উৎসবটির মিডিয়া পার্টনার সমকাল।

'এই সংসদ বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ করবে' বিষয়টিতে সংসদীয় পদ্ধতিতে ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে সরকার দলীয় বিতার্কিকরা বিজয়ী হন। এই দলে ছিলেন কামরুল ইসলাম, তাসনিম হালিম মীম ও মারুফ হাসান। রানার আপ দলে (বিরোধী দল) ছিলেন সায়েম আলভী, মেহেদী হাসান ও জান্নাতুল মাওয়া অনন্যা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সরকার দলের প্রধান কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, তিনটি কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে তুলে ধরা যায়। সেগুলো হল শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা। এদের মধ্যে আমরা সহশিক্ষাকে কম গুরুত্ব দেই। আসলে এটিতে কম গুরুত্ব দেয়ার উপায় নেই। সহশিক্ষা হল পুস্তক বা অ্যাকাডেমিক শিক্ষার বাইরে যেটি পাওয়া যায়। লেখাপড়া ভালো করলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো চাকরি পাওয়া যায় না। কিন্তু ভালো লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে সেগুলো সহজেই করা যায়। এ জন্য তোমাদেরকে ছাত্রাবস্থায় এসব কার্যক্রমে অংশ নিতে হবে। লেখাপড়া শেষ করে এসব কাজ করার কম সময় পাবে।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের মধ্যে যুক্তি ঘুমিয়ে থাকে। এই যুক্তিগুলো জাগ্রত হতে চায়। সেগুলোকে শিক্ষার মাধ্যমে ও চর্চার মাধ্যমে জাগ্রত করতে হয়। যুক্তি মানেই জ্ঞান, আমার লুকায়িত প্রতিভা। এই প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য প্রয়োজন বিতর্কের। এসময় তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, গোল্ড বাংলাদেশের মডারেটর কাজী শফিক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এজাজ আহমেদ।

এর আগে শুক্রবার দু'দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ২৪টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৭২জন বিতার্কিক এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×