ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে 'ডক্টর অব লজ' ডিগ্রি দেবে ঢাবি

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে 'ডক্টর অব লজ' ডিগ্রি দেবে ঢাবি
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় তাকে এ ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপাচার্য জানান, সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মূল আনুষ্ঠানিকতার পালা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আগামীকাল সোমবার সমাবর্তন অনুষ্ঠিত হবে। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের সমাবর্তনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'ডক্টর অব লজ' ডিগ্রি (মরণোত্তর) দেওয়া হবে।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, আনুষ্ঠানিকভাবে বলা না হলেও বঙ্গবন্ধুকে এ ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। মুজিববর্ষে অর্থাৎ ২০২০ সালে বঙ্গবন্ধুকে এ ডিগ্রি প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যেহেতু আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন, তাই তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার অনুষ্ঠেয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' ডিগ্রি প্রদান করা হবে।

এবারের সমাবর্তনে অংশ নিতে ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। অনুষ্ঠানে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ ৯৮ জনকে স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ছয়জনকে ডিবিএ এবং ১৪ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

উপাচার্য জানান, সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্র্যাজুয়েটদের চলাচল নির্বিঘ্ন করতে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান থাকায় গ্র্যাজুয়েট এবং অতিথিদের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটবে উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। এ সময় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, ৫২তম সমাবর্তন প্রচার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×