ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কয়লা আমদানিতে মূসক ছাড় অপরিণামদর্শী: টিআইবি

কয়লা আমদানিতে মূসক ছাড় অপরিণামদর্শী: টিআইবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪১

বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ডের ১০ শতাংশ মূসক ছাড়ের সিদ্ধান্ত অপরিণামদর্শী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানোর যুক্তিতে এ সুবিধাটি দেওয়া হলেও এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সংস্থাটি। শনিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ কয়লানির্ভর জ্বালানি থেকে সরে আসতে কার্বন কর বসাচ্ছে। বিপরীতে জলবায়ু পরিবর্তনে অন্যতম ঝুঁকির মুখে থাকা বাংলাদেশ কয়লা আমদানিতে কর ছাড় দিচ্ছে। এটা পশ্চাৎমুখী ও আত্মঘাতী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভাগাড়ে পরিণত করার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রই লাভবান হবে। নিরুৎসাহিত হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। টিআইব এই সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানায়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর হলেও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাওয়ার কথা বলে সরকার আত্মঘাতী নির্ভরশীলতা সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় কয়লা আমদানিতে মূসক ছাড়ের সিদ্ধান্ত এসেছে। এটি সরকারের টেকসই উন্নয়নে জাতীয় অঙ্গীকারের পরিপন্থি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মূসক ছাড়ে বিদ্যুৎ উৎপাদন খরচ কমার সুফল গ্রাহকরা কতটুকু পাবেন, তা প্রশ্ন সাপেক্ষ।

আরও পড়ুন

×