ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আবারও চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি

আবারও চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি
×

চবি সংবাদদাতা

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৮:২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলন্ত যাত্রীবাহী বাসে ১১ দিনের ব্যবধানে আবারও ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় বিশ্ববিদ্যালয়গামী তরী বাসে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বাসে থাকা অন্য শিক্ষার্থীরা অভিযুক্ত মো. মানিক মিয়াকে (৩২) ধরে বিশ্ববিদ্যালয়ের পাশে পুলিশ বক্সে দিয়েছেন। তার বাড়ি হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকায়।

এর আগে গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যাত্রীবাহী চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তবে চিৎকার দিয়ে রক্ষা পান ওই ছাত্রী। পরে অভিযোগের ভিত্তিতে জড়িতদের আটক করে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রী সমকালকে বলেন, ‘সকাল ৯টার দিকে নগরীর মুরাদপুর থেকে ৩ নম্বর বাসে উঠেছিলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। পেছন থেকে দ্বিতীয় সিটে জানালার পাশে বসেছিলাম সঙ্গে আমার বান্ধবীও ছিল। হঠাৎ ওই লোক আমাদেরকে দেখে আমাদের পেছনের আসনে বসে। প্রথম থেকে সে আমার গায়ে হাত লাগানোর চেষ্টা করছিল। আমি প্রথমে ভেবেছিলাম বাসের কোনও জিনিস গায়ে লাগছে। তবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে একটা যায়গায় আসলে সে আমার শরীরে হাত দেয়। এরপর আমি চিৎকার করে উঠলে আমার বন্ধুরা তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।’

বাসটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান বাবু সমকালকে বলেন, ‘আমি একদম পেছনের সিটে বসে ছিলাম। হঠাৎ একটা মেয়ে চিৎকার দিয়ে উঠেছে। ওই দিকে তাকাতেই দেখি মেয়েটার গায়ে পেছন থেকে একজন হাত দিয়েছে। তখন তাকে আমরা ধরে পুলিশ বক্সে দিই।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর এস. এম. মনিরুল হাসান সমকালকে বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোপত্রটি পুলিশের কাছে পাঠিয়েছি। এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।’

হাটহাজারি থানার ভ্ররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম সমকালকে বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী একজনকে ধরে আমাদের কাছে আনে। আমরা তাকে থানাতে রেখেছি। অভিযোগ পত্র পেলে যথাযথ ব্যবস্থা নেব। ’


আরও পড়ুন

×