সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২১ | ০০:১৭ | আপডেট: ১১ জুলাই ২০২১ | ০১:৩১
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ চলাকালীন সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কর্যক্রম চালু রয়েছে।
এ অবস্থায় সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
দেশে গত বছরের মার্চে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কয়েক দফা লকডাউন ঘোষণা করেছে সরকার। সর্বশেষ পহেলা জুলাই থেকে কঠোর লকডাউন চলছে দেশজুড়ে।
এমন অবস্থাতেও কমছে না মৃত্যু। লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্যেও রাস্তায় বেরিয়ে আসছে মানুষ। প্রতিদিন করা হচ্ছে গ্রেপ্তার।
- বিষয় :
- মন্ত্রিপরিষদ
- সরকারি অফিস
- ভার্চুয়াল
