রাজাকারের তালিকা
আবেদন করলে যাচাই করে ভুল নাম বাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ১১:০৩
একাত্তরে 'প্রকৃতপক্ষে' স্বাধীনতাবিরোধী ছিলেন না, এমন কারও নাম রোববার প্রকাশিত স্বাধীনতাবিরোধীদের তালিকায় এসে থাকলে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই করে তা বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তি কমিটি ও স্বাধীনতাবিরোধীদের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ব্যাখ্যা তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত তালিকায় ভুলভাবে যদি কারও নাম এসে থাকে, আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই করে তার বা তাদের নাম এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই প্রকাশিত তালিকায় অনিচ্ছকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত।

এতে বলা হয়, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে নতুন কোনও তালিকা প্রণয়ন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তালিকা যেভাবে পাওয়া গেছে, সেভাবেই প্রকাশ করা হয়েছে।
স্বাধীনতাবিরোধীদের এই তালিকায় মুক্তিযোদ্ধা কারও নাম আসলে বিষয়টি অনিচ্ছকৃত ভুল বলে উল্লেখ বিজ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়, 'অভিযোগ পাওয়া যাচ্ছে, এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যারা রাজাকার, আল-বদর,আল-শামস, শান্তিকমিটি বা স্বাধীনতাবিরোধী নন, বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা। এ ধরনের কোনও ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'
- বিষয় :
- রাজাকারের তালিকা
- মুক্তিযোদ্ধা
