প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের মৃত্যু
মোহাম্মদ জয়নুল আবেদীন- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৭:১২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ১১:০২
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জয়নুল আবেদীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়নুল আবেদীন। 'বীর বিক্রম' উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি সেনাবাহিনীতে কমিশন পান। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ 'বীর বিক্রম' উপাধিতে ভূষিত করা হয়।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করা এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশেষ নিরাপত্তা ফোর্স-এসএসএফ এর মহাপরিচালকের দায়িত্ব পান। ২০১১ সালের ২১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ূয়া সমকালকে বলেন, বুধবার বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জয়নুল আবেদীনের মরদেহ দেশে আসবে।
এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী।
জয়নুল আবেদীনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র।
এছাড়া এক বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত
এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী গভীর শোক প্রকাশ করেছেন।
