ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আমরণ অনশনের আল্টিমেটাম বশেমুরবিপ্রবির ইটিই শিক্ষার্থীদের

আমরণ অনশনের আল্টিমেটাম বশেমুরবিপ্রবির ইটিই শিক্ষার্থীদের
×

আন্দোলনরত ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলনরতরা আগামী ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।

এ সময়ের মধ্য দাবি পূরণ না হলে ওই কর্মসূচিতে যাবেন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এ ঘোষণা দেন তারা।

ইটিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘আমরা দীর্ঘ ৬৬ দিন ধরে আমাদের বিভাগকে ইইই এর সঙ্গে একীভূতকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি।'

তিনি বলেন, এ দাবি মেনে নিতে আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে বিভাগীয় চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছি। আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা ১৬ জানুয়ারি থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার পাশাপাশি আমরণ অনশনে যাবো।

ইটিই বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যানের কিছুই করার নেই। বিষয়টি সমাধানের জন্য পূর্ণ ক্ষমতা প্রাপ্ত উপাচার্য প্রয়োজন। তাই উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এ বিষয়টির সমাধান সম্ভব নয়।’ তবে বিষয়টি ইউজিসিকে জানিয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইটিই গ্রাজুয়েটদের চাকরির সুযোগ ক্রমাগত সংকুচিত হচ্ছে দাবি করে ১৭ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ইটিইকে ইইই বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×