ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সহসাই কমছে না শীতের তীব্রতা

সহসাই কমছে না শীতের তীব্রতা
×

বছরের শেষ ক'দিন কাটাতে হবে শৈত্যপ্রবাহের আবহে- ফাইল ছবি/সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫১

শীতের দাপট সহসাই কমছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, বছরের শেষ ক'দিন কাটাতে হবে শৈত্যপ্রবাহের আবহে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকাশে মেঘ জমেছে। শনিবার মেঘ কেটে যেতে পারে। ফলে নতুন সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে উত্তরে বেড়েছে শীতের দাপট।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন তেঁতুলিয়াতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমেছে ঢাকায়ও। বৃহস্পতিবার সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, রংপুর বিভাগ এবং রাজশাহী, নওগাঁ, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইছে। এটি আরও কয়েকটি এলাকায় বিস্তৃত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। শনিবার থেকে শৈত্যপ্রবাহের মাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার যশোরে পাঁচ মিলিমিটার এবং গোপালগঞ্জে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকা, ফরিদপুর, মোংলা এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে। শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বৃহস্পতিবার রাতে সমকালকে বলেন, ঢাকার আকাশে শুক্রবারও মেঘ থাকতে পারে। ফলে শীতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা নেই। দেশের অন্যান্য এলাকায়ও আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। তখন বাড়বে শীতের তীব্রতা। আগামী ২৯ ডিসেম্বর বা তার পরও চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন

×