মুজিববর্ষের ক্ষণগণনার সাক্ষী হতে নিবন্ধন শুরু
সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিস্তারিত তুলে ধরেন- পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ১২:৪৬ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ | ১৩:১১
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হওয়া যাবে। এ জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।
সোমবার বিকেল ৩টা থেকে শুরু হবে নিবন্ধন। চলবে আগামী মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আগামী ১৭ মার্চ শুরু হবে মুজিববর্ষ। শেষ হবে ২০২১ সালের ১৭ মার্চ। এর ক্ষণগণনা শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এদিন বিকেল ৫টায় তেজগাঁও পুরোনো বিমানবন্দরে (প্যারেড গ্রাউন্ড) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো এবং ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, রেজিস্ট্রেশনের জন্য www.event.mujib100.gov.bd ওয়েব পেজে আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর ইনভাইটেশন ফরম প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের সামনে, হাতিরঝিল, উত্তরা, সচিবালয়, ঢাকার দুই সিটিসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে সিটি করপোরেশন ছাড়াও ৫৩টি জেলায় ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। টুঙ্গিপাড়া ও মুজিবনগরে বিশেষভাবে ক্ষণগণনার দুটি যন্ত্র থাকবে। একই ব্যবস্থা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। জেলা ও সিটি করপোরেশনে ক্ষণগণনা মনিটর করা হবে কেন্দ্রীয়ভাবে। এ ছাড়া উপজেলাগুলোতে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিবর্ষের মূল অনুষ্ঠানে দুই লাখ মানুষ অংশ নিতে পারবেন বলে জানান কামাল আবদুল নাসের চৌধুরী। মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ প্রথম ভাগে আলোচনা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও জানান তিনি।
- বিষয় :
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
