ইবির বঙ্গবন্ধু পরিষদে ভাঙ্গন
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:১১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ'-এ আবারও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
দুই ভাগে বিভক্ত হয়ে গেছেে এই পরিষদের কার্যক্রম। পাল্টাপাল্টি কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে মুজিব বর্ষ পালন করবে পরিষদের আগের ও নতুন কমিটি।
সূত্র জানায়, দীর্ঘ চার বছর পর গত সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের একটি নতুন কমিটি প্রকাশ করা হয়। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১০১ সদস্য নিয়ে কমিটি করা হয় বলে জানান নতুন শিক্ষক নেতারা।
বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এই কমিটি। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেননি নতুন নেতারা। এ অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজেদের নতুন কার্যপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন তারা। এতে এই কমিটি ৭৩ সদস্য বিশিষ্ট করা হয়েছে বলে সাংবাদিকদের বলেন তারা। এছাড়া মুজিব বর্ষ পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ সকলকে আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে পরিষদের নতুন সাধারণ সম্পাদক মাহবুবুল আরফিন বলেন, 'কেন্দ্র থেকে আমাদের ৭৩ সদস্যের কমিটি দেয়া হয়েছিল। আমরা তাদেরকে আমাদের লোক বল বেশি বলে অবহিত করি। তখন তারা আমাদের ১০১ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয়। তাই কমিটি পূর্ণাঙ্গ করে তবেই তালিকা প্রকাশ করা হবে।'
এদিকে ইবির বঙ্গবন্ধু পরিষদের ২০১০ সালে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল কে এম সালেহ বুধবার সাধারণ সভার আয়োজন করেছেন।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি বলেছেন, ব্যক্তিগত সদিচ্ছা থাকা সত্ত্বেও সময় এবং পরিস্থিতির জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে বঙ্গবন্ধু পরিষদের নির্বাচন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক নেতৃত্বে একাধিক বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়েছে। যার ফলে শিক্ষক-কর্মকর্তারা বিব্রত হচ্ছেন।
এ অবস্থায় গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধ একটি বঙ্গবন্ধু পরিষদ গঠনের জন্য বুধবার সাধারণ সভার আয়োজন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে সম্মিলিতভাবে মুজিব বর্ষ পালনের জন্য সকলকে আহ্বান জানান এম সালেহ।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে পরিষদের নতুন কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান
বলেন, 'আমাদেরকে কেন্দ্র থেকে দায়িত্ব দিয়েছে। নতুন কমিটি গঠন হলে পূর্বের
কমিটি স্বাভাবিক ভাবেই বাতিল বলে গণ্য হয়। তাই নতুন করে কেউ ভাঙ্গনের
চেষ্টা করলে আমরা বিষয়টি কেন্দ্রে জানবো তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
- বিষয় :
- ইবি
- ইসলামী বিশ্ববিদ্যালয়
