ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে নতুন পরোয়ানা
মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:১৪
চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকী এ পরোয়ানা জারি করেন।
মামলার বাদী গ্রাহক তোফাজ্জল হোসেনের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার তাদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। এ দিন তাদের আদালতে হাজির না করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা কারাগারে আছেন।
গত ৯ ডিসেম্বর আদালতে এ মামলা করেন বাদী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ১০ জানুয়ারি তাদের হাজির হতে সমন জারি করেন। এ দিন তারা আদালতে হাজির না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছিল।
মামলার বিবরণে জানা যায়, ইভ্যালির পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনের মাধ্যমে দেখার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল কেনেন বাদী। কিন্তু ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল ডেলিভারি না দেওয়ায় গত বছরের ২৮ জুন আড়াই লাখ টাকার চেক দেয় ইভ্যালি কর্তৃপক্ষ। ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়।
