ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

দেশে উৎপাদিত করোনা টিকা গরিব দেশে বিনামূল্যে দেওয়ার প্রত্যাশা

দেশে উৎপাদিত করোনা টিকা গরিব দেশে বিনামূল্যে দেওয়ার প্রত্যাশা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৩৩

দেশে করোনা টিকা উৎপাদন করে গরিব দেশকে বিনামূল্যে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইমেরিটাস অধ্যাপক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। 

এবিএম আবদুল্লাহ বলেন, ‘দেশে টিকা উৎপাদন হবে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি এবং গরিব দেশকে বিনামূল্যে টিকা দেওয়া সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফলভাবে ভূমিকা রাখছে। টিকাদান কর্মসূচি শুরু থেকে একটু সমস্যা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সংকট কাটিয়ে উঠে চমৎকারভাবে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা মোকাবিলায় সফলভাবে ভূমিকা রাখছে। যে কারণে সংক্রমণ ও মৃত্যু অন্যান্য দেশের তুলনায় কম।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশের ইতিহাসে এত সংখ্যক চিকিৎসক-নার্স নিয়োগ আর কখনও হয়নি। জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় আমরা চিকিৎসক হয়েছি। নামমাত্র মূল্যে চিকিৎসক হয়েছি। নিন্মবিত্ত থেকে শুরু করে অনেক দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন আমাদের পিছনে রয়েছে।

তিনি বলেন, চিকিৎসক হিসেবে একেকজন একেকটি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের একেকজন এম্বাসেডর হিসেবে কাজ করবেন। এমনভাবে জনগণকে সেবা দিতে হবে, যেন চিকিৎসার পর কোনো রোগীর মৃত্যু হলেও যেন রোগীর স্বজনরা চিকিৎসকের প্রশংসা করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

আরও পড়ুন

×