বিশ্বজিত সাহা অসাধ্য সাধন করেছেন: শিক্ষামন্ত্রী
নিউইয়র্ক স্টেট সিনেটে পাস হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রেজুলেশনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংরক্ষণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১৮
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা অসাধ্য সাধন করেছেন। নিউইয়র্কে জাতিসংঘের সামনে মহান একুশে ফেব্রুয়ারি পালনে বিশ্বজিত সাহার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মুক্তধারা ফাউন্ডেশন বিদেশে রাষ্ট্রদূতের ভূমিকা পালন করে চলেছে।
সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেকড়ের সন্ধানের আয়োজনে ও শাহ গ্রুপের সহযোগিতায় আয়োজিত ‘জাতিসংঘের সামনে একুশে পালন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, বিশ্বজিত সাহা অনেক কিছু করেছেন। এরমধ্যে থেকে কয়েকটি কথা যদি বলি, প্রবাসে বাংলা ভাষার চর্চা ও মর্যাদা বৃদ্ধিতে পথপ্রদর্শকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তিনি চুপচাপ কাজ করে সবাইকে সংযুক্ত করেছেন। মুক্তধারা নিউইয়র্ক, মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহা একে অপরের পরিপূরক।
দীপুমনি বলেন, একুশের আন্তর্জাতিকীকরণের স্বীকৃতিতে ২০২০ সালে বিশ্বজিত সাহার আবেদনে নিউইয়র্ক স্টেট সিনেটে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রেজুলেশন হয়। জেসিকা রামোসের মাধ্যমে এ আবেদন উত্থাপিত হয়। বিশ্বজিত সাহা কী করে যুক্তরাষ্ট্রের মূলধারার মানুষগুলোকে এর সঙ্গে যুক্ত করে ফেলেছেন, সেটা নিশ্চয় খুব সহজ কাজ ছিল না। তিনি এক অসাধ্যকে সাধন করেছেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউইয়র্কে জাতিসংঘের সামনে একুশে ফেব্রুয়ারি পালনের উদ্যোক্তা বিশ্বজিত সাহা। তিনি প্রবন্ধে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের যুগপদ চলার ৩০ বছর অভিবাসী সমাজে একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ২০২০ সালে নিউইয়র্ক স্টেট সিনেটে পাস হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রেজুলেশনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংরক্ষণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নিউইয়র্কের সাবেক কনসাল জেনারেল এম শামসুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক শেখড়ের সন্ধানের সহ-সভাপতি আজম শেখ।
