তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে মন্তব্য, ভাব্যা সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
আসিম রিয়াজ ও ভাব্যা সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৮:১২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৯:২৪
সাবেক প্রেমিকা-অভিনেত্রী হিমাংশি খুরানার সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করায় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভাব্যা সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেতা আসিম রিয়াজ। ‘বিগ বস ১৩’খ্যাত এই অভিনেতা ভাব্যাকে আনুষ্ঠানিকভাবে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ আইনি নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে যেসব গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তার সম্পর্কে করা মন্তব্য প্রকাশ বা প্রচার করা হয়েছে সারানোর দাবি জানান অভিনেতা।
আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, আসিমের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, একটি পডকাস্টে আসিমকে নিয়ে মিথ্যা, যাচাই না করা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন ভাব্যা। এসব মন্তব্যের কারণে তার সামাজিক ভাবমূর্তি, সুনাম ও পেশাগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন আসিম।
পডকাস্টে আসিম ও হিমাংশির বিচ্ছেদের কারণ নিয়েও কথা বলেন ভাব্যা। সেখানে তিনি দাবি করেন, অনেক আগে এক ব্যক্তির কাছে তাঁদের বিচ্ছেদের কারণ জানতে চেয়েছিলেন তিনি। ওই ব্যক্তি তাঁকে বলেছিলেন, আসিম নাকি ‘পাগল’ এবং হিমাংশিকে মারধর করতেন।
আইনি নোটিশে ভাব্যার এসব বক্তব্যের উল্লেখ করে বলা হয়েছে, তিনি পরবর্তী কিছু ঘটনার সঙ্গে ওই অভিযোগের যোগসূত্র থাকার কথাও বলেছেন। এমনকি আসিমকে নিয়ে একটি ভিডিও থাকার কথাও তিনি শুনেছেন বলে দাবি করেছিলেন।
এ ছাড়া পডকাস্টে আসিমের আর্থিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করা হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল, আসিম দুবাইয়ে কোনো এক নারীর অর্থের ওপর নির্ভর করে জীবনযাপন করছেন।
ভাব্যার এসব বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন আসিম রিয়াজ। তার আইনজীবীর দাবি, এসব মন্তব্যের মাধ্যমে আসিমকে হিমাংশির ওপর শারীরিক নির্যাতনকারী হিসেবে তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও তাঁর সুনামের জন্য ক্ষতিকর।
আসিমের আইনজীবী ও ফ্যালকন লিগ্যালের অংশীদার সুহাইল শরিফ বলেন, ‘আমাদের মক্কেল তাঁর বিরুদ্ধে কোনো মানহানিকর বা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার মতো বক্তব্য মেনে নেবেন না। আনুষ্ঠানিক সিজ অ্যান্ড ডেসিস্ট নোটিশ পাঠানো হয়েছে। নির্দেশনা মেনে না চললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
নোটিশে ভাব্যা সিংকে আসিমের বিরুদ্ধে করা কথিত মানহানিকর বক্তব্য ভবিষ্যতে প্রকাশ বা পুনরাবৃত্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব গণমাধ্যম ও প্ল্যাটফর্ম পডকাস্টের ওই অংশ প্রচার করেছে, সেগুলোকে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নোটিশের জবাব ও নির্দেশনা পালনের জন্য সংশ্লিষ্টদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন আসিমের আইনজীবীরা।
উল্লেখ্য, হিমাংশি খুরানা-আসিম রিয়াজের সম্পর্ক ‘বিগ বস ১৩’-এর সময় থেকেই আলোচনায় ছিল। পরে তাঁদের বিচ্ছেদ নিয়েও বিভিন্ন সময়ে নানা ধরনের আলোচনা হয়েছে। এবার সেই সম্পর্কের প্রসঙ্গেই ভাব্যা সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন আসিম। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- আইনি নোটিশ
- অভিনেতা