বাস্তব অভিজ্ঞতা থেকে বিবাহিত পুরুষদের জন্য অমিতাভের সতর্কবাণী
অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:৪২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:৪৭
অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। কঠিন প্রশ্নের পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে মজার কথোপকথনেও মাতিয়ে রাখেন বলিউডের এই মেগাস্টার। সম্প্রতি এমনই এক পর্বে বিবাহিত পুরুষদের উদ্দেশে মজার ছলে সতর্কবার্তা দিয়েছেন অমিতাভ।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর ওই পর্বে বিয়ের তারিখ নিয়ে কথা বলতে গিয়ে অমিতাভ বলেন, বিবাহিত পুরুষদের ভুলেও নিজেদের বিয়ের তারিখ ভুলে যাওয়া উচিত নয়। এমনটা হলে স্ত্রীদের রোষের মুখে পড়তে হতে পারে বলেও রসিকতা করেন তিনি।
দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকেই যেন এই পরামর্শ দিয়েছেন অমিতাভ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে সংসার করছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই বিবাহিত পুরুষদের উদ্দেশে মজার ছলে বলেন, ‘স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ।’
এরপর স্ত্রীদের একটি পরিচিত প্রশ্নের কথাও তুলে ধরেন অমিতাভ। তার ভাষায়, ‘স্ত্রীদের বারবার জিজ্ঞেস করার একটা অভ্যাস আছে, তোমার কি মনে আছে আমাদের বিয়েটা কবে হয়েছিল?’
বিয়ের তারিখ মনে না রাখলে কী হতে পারে, সেটিও রসিকতার মাধ্যমে বোঝান অমিতাভ। তাঁর মতে, এই ভুলের পর স্বামীদের দিকে জুতা উড়ে আসার পরিস্থিতিও তৈরি হতে পারে। অমিতাভের এমন মজার মন্তব্যে অনুষ্ঠানে হাসির রোল ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে তাঁর সেই বক্তব্যের ভিডিও।
একই পর্বে এক প্রতিযোগী অমিতাভকে জিজ্ঞেস করেন, রাতে জয়া বচ্চন তার জন্য খাবারের টেবিলে অপেক্ষা করেন কি না। উত্তরে অভিনেতা জানান, তাঁর ব্যস্ত কর্মসূচির বিষয়ে পরিবারের সদস্যদের আগে থেকেই জানিয়ে রাখেন তিনি।
অমিতাভ বলেন, ‘ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে ‘নমস্কার’ লিখে একটি মেসেজ পাঠাই। তারপর আমি শুটিংয়ের সময়সূচি বলে দিই। যেদিন ফিরতে দেরি হয়, সেদিন আগে থেকেই বলে দিই, যাতে কেউ আমার জন্য দীর্ঘসময় অপেক্ষা না করে।’
অমিতাভ ও জয়া বচ্চন বলিউডের অন্যতম দীর্ঘস্থায়ী দম্পতি। ১৯৭৩ সালে বিয়ের পর পাঁচ দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিভিন্ন পর্বে নিজেদের দাম্পত্যজীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেছে অমিতাভকে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
- বিষয় :
- অমিতাভ বচ্চন
- বলিউড
- সিনেমা