বাতিঘরে কাজী জহিরুল ইসলামের একক বইমেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৭:২২
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ৭ম তলায় অবস্থিত বাতিঘরে শনিবার থেকে শুরু হয়েছে কাজী জহিরুল ইসলামের একক বইমেলা। এর উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। মেলা উপলক্ষে প্রকাশিত কবির নতুন কাব্যগ্রন্থ 'একালে কাকতলাতে বেল' গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি করেন রূপা চক্রবর্তী, আহকাম উল্লাহ, নাজমুল আহসান, আব্দুস সবুর খান চৌধুরী এবং প্রান্তিক হোসাইন।
কাজী জহিরুল ইসলামের বিভিন্ন গ্রন্থের ওপর আলোচনা করেন কবি কাজী রোজী, জাহিদুল হক, ফরিদ কবির, মারুফুল ইসলাম, রহিমা আখতার কল্পণা, মারূফ রায়হান, গাজী রফিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা স্কলারস পাবলিশার্সের সিইও এম ই চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে আহমদ রফিক বলেন, কাজী জহিরুল ইসলাম একজন গুণী লেখক। আমি বিস্মিত হয়েছি জেনে যে তিনি মাত্র ৫১ বছর বয়সে ৬১টি গ্রন্থের জনক। নিজের লেখা ছাড়াও তিনি বাঙালি কবিদের ইংরেজি কবিতার সংকলন সম্পাদনা করছেন যা প্রকাশিত হচ্ছে আমাজনের মতো একটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে। এটি খুবই প্রয়োজনীয় একটি কাজ।
কাজী রোজী বলেন, জহির একজন সফল মানুষ ও সফল লেখক। সাহিত্যের সব শাখায় তার সফল পদচারণা ঈর্ষণীয়।
লেখকের বহুমাত্রিকতার প্রশংসা করে ফরিদ কবির বলেন, দেশের বাইরে থেকে যারা সাহিত্যচর্চা করেন তাদের মধ্যে আমি কাজী জহিরুল ইসলামের লেখা মন দিয়ে পড়ি। আমি মনোযোগ দিয়ে তার ভ্রমণগ্রন্থ 'উড়াল গল্প' পাঠ করেছি। তখনই তার শক্তিমত্তার সঙ্গে আমার পরিচয় ঘটেছে।
তার 'ক্রিয়াপদহীন কবিতা' গ্রন্থের প্রসঙ্গ টেনে মারুফুল ইসলাম বলেন, ক্রিয়াপদ তুলে দিয়ে এমন সাবলিল কবিতা লেখা এক দুরূহ কাজ। সেটি কাজী জহিরুল ইসলাম সফলতার সঙ্গে করেছেন।
রহিমা আখতার কল্পণা কবির 'আমি মানুষের' কবিতাটি পড়ে শোনান এবং তার কাব্যশৈলীর প্রশংসা করেন। জাহিদুল হক বলেন, তার মিষ্টি ছন্দের কবিতাগুলো আমার ভালো লাগে। ছন্দে তিনি সিদ্ধহস্ত।
কাজী জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শ্রদ্ধেয় আহমদ রফিক বাংলা ভাষাকে স্বাধীন করেছেন। আজ তিনি সেই ভাষার উত্তরপ্রজন্মের একজন লেখকের একক বইমেলা উদ্বোধন করলেন। এটি আমার জন্য এক বিরল সম্মান। তিনি আয়োজক সংস্থা, আলোচক, বাচিক শিল্পীসহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
১৩ থেকে ১৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বইমেলা চলবে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বইমেলা
- কাজী জহিরুল ইসলাম
