ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বইমেলা

নারীবিষয়ক বই এবার কম

নারীবিষয়ক বই এবার কম
×

ফাইল ছবি

দ্রোহী তারা

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ২১:২০

অমর একুশে বইমেলায় এ বছর নারীবিষয়ক বইয়ের সংখ্যা অনেক কম। এই না থাকার মধ্যেও বিভিন্ন প্রকাশনীর স্টলে ঢুঁ মেরে নারীবিষয়ক বই খুঁজে নিচ্ছেন পাঠক। নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইয়ের চাহিদাও চোখে পড়ছে বেশ। তবে মেলায় পাঠকের একটি বড় অংশ নারী হওয়ায় বই নির্বাচনেও তাদের উপস্থিতি অনেকটা স্পষ্ট।
শনিবার বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে, নারী লেখকের নতুন প্রকাশিত বইয়ের পাশাপাশি নারীকেন্দ্রিক বিষয়ভিত্তিক বই নিয়েও পাঠকের মধ্যে রয়েছে আগ্রহ।

বিদ্যাপ্রকাশের স্টলে নতুন গ্রন্থের তালিকায় রয়েছে বেশ কয়েকজন নারী লেখকের বই। এর মধ্যে পলি শাহীনার ‘না জীবন না মৃত্যু’, তাসলিমা জামান পান্নার ‘কাছে থেকেও দূরে তুমি’, পিওনা আফরোজের ‘বিকেলের অনেক রং’ এবং রিমি রুম্মানের ‘নোঙর’ বইগুলো পাঠকের নজর কাড়ছে। প্রকাশনীর সেলস হেড শ্যামলী জানান, নারী লেখকের এই বই নিয়ে পাঠকের আগ্রহ রয়েছে। তিনি বলেন, তিন দিন ধরে বিক্রি বেশ ভালো হচ্ছে, বিশেষ করে নারী পাঠকরা এসব বই খুঁজে নিচ্ছেন।

অন্যদিকে, বেহুলা প্রকাশনী থেকে এ বছর নতুন এসেছে শর্মি দের কবিতার বই ‘একটি বিষণ্ন বেহালা’। পাশাপাশি গবেষণাধর্মী বইয়ের মধ্যে চন্দন চৌধুরীর সংগ্রহ ও সম্পাদনায় ‘বাংলা বিজ্ঞাপনে নারী’ বইটিও পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে। প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি সঞ্জয় বলেন, নারীবিষয়ক গবেষণাধর্মী বইও পাঠকরা আগ্রহ নিয়ে কিনছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বইটির চাহিদা বেশি।

বাতিঘরের স্টলেও নারী বিষয়ক বেশ কিছু নতুন ও পুরোনো বই দেখা যায়। এর মধ্যে মিশু চৌধুরীর ‘বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা’ এবং হাসান মোরশেদের ‘নারী সাক্ষে জেনোসাইড’ বই দুটির বিক্রি ভালো বলে জানান স্টল ব্যবস্থাপক তারেক আবদুর রব। তিনি বলেন, সমসাময়িক আলোচনার কারণে নারীকেন্দ্রিক গবেষণামূলক বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেড়েছে।

তবে সব প্রকাশনীর চিত্র এক নয়। স্টুডেন্টওয়েজ প্রকাশনীর স্টলে গিয়ে দেখা যায়, নতুন বইয়ের চেয়ে পুরোনো বইয়ের বিক্রি বেশি। বিশেষ করে লেখক আনোয়ার পাশার ‘নীড় সন্ধানী’, ‘ওঙ্কর’ এবং ‘নিরুপায় হরিনী’ বইগুলো পাঠকেরা বেশি কিনছেন।

স্টলের বিপণন ব্যবস্থাপক মো. মিলন বলেন, নতুনের চেয়ে পুরোনো বই বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে এ বছর নারী বিষয়ক নতুন বই খুব বেশি প্রকাশ হয়নি। ফলে পাঠকরা পুরোনো বইয়ের দিকে ঝুঁকছেন।

অন্বেষা প্রকাশনের স্টলেও নারী বিষয়ক বইয়ের বিক্রি দেখা গেছে। সেখানে তসলিমা নাসরীনের ‘পঞ্চ নারী’ বইটি যেমন বিক্রি হচ্ছে, তেমনি এ বছর নতুন প্রকাশিত ড. নাজমুন নাহারের ‘আমি এক বিচিত্র শিল্পকর্ম অবাধ্য নারী’ বইটিও পাঠকদের আগ্রহ কাড়ছে বলে জানান স্টল কর্মীরা।

মেলায় ঘুরতে আসা পাঠকের মধ্যেও নারী লেখকের বই নিয়ে আগ্রহের কথা শোনা যায়।  শিক্ষার্থী লাবিবা মাহবুব বলেন, নারী লেখকের লেখা পড়তে আমার ভালো লাগে। তারা অনেক সময় নারীদের বাস্তব অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন, যা আমাদের জীবনের সঙ্গে মিলে যায়।

মিরপুর থেকে মেলায় আসা  ইমরুল বলেন, আগে নারী লেখকের বই খুব বেশি পড়তাম না। তবে এখন দেখছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা লিখছেন, বিশেষ করে সমাজ ও নারীর অধিকার নিয়ে।

শনিবার মেলায়ও নারীর উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। পরিবার, বন্ধু বা সহপাঠীর সঙ্গে মেলায় এসে অনেক নারী পাঠক নিজের পছন্দের বই খুঁজে নিচ্ছেন। তবে কোন কোন প্রকাশক বলছেন, নারী বিষয়ক নতুন বইয়ের সংখ্যা এখনও তুলনামূলক কম। তারা আশা করছেন, আগামী বছরগুলোতে এ ধরনের বই আরও বেশি প্রকাশ পাবে, পাঠকও বাড়বে।

মূল মঞ্চের আয়োজন ও নতুন বই
শনিবার শিশুপ্রহরে মেলা শুরু হয় সকাল ১১টায়। নতুন বই আসে ১৮৫টি। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশুকিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন্মশতবর্ষ : নূরজাহান বেগম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইসরাইল খান। আলোচনায় অংশ নেন সোহরাব হাসান। সভাপতিত্ব করেন লুভা নাহিদ চৌধুরী।

লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন মুস্তাফা মজিদ। বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন মিনহাজুল হক। আবৃত্তি পরিবেশন করেন সাহিদা পারভীন রেখা, আনজুমান আরা ও আজহারুল ইসলাম রনি। সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, পিয়াল হাসান, নিশাত আহমেদ প্রমুখ। এদিকে, তামান্না ইসনাইনের ‘রহস্যময় ভালোবাসা’ বইটি অনুজ প্রকাশনীর ষ্টলে পাওয়া যাচ্ছে।

রোববারের আয়োজন
বিকেল ৩ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আসাদ চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কুদরত—ই—হুদা। আলোচনায় অংশ নেবেন সৈকত হাবিব। সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক। বিকেল ৪ টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন

×