ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বইমেলা ২০২৬

আগ্রহ বাড়ছে ধ্রুপদি ও সমকালীন প্রবন্ধে

আগ্রহ বাড়ছে ধ্রুপদি ও সমকালীন প্রবন্ধে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৭:৪২ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০৮:০০

| প্রিন্ট সংস্করণ

অমর একুশে বইমেলায় কেবল গল্প, উপন্যাস বা কবিতা নয়, বরং সমাজ, সংস্কৃতি, ইতিহাস ও রাজনীতি নিয়ে লেখা মননশীল প্রবন্ধের বইগুলোও এখন পাঠকদের ভাবনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এবারের মেলায় প্রাবন্ধিক ও গবেষক সিরাজুল ইসলাম চৌধুরীর ‘বিচ্ছিন্নতায় অসম্মতি’ কিংবা তানভীর মোকাম্মেলের ‘নির্বাচিত প্রবন্ধ’-এর মতো চিন্তামূলক বইগুলো নির্দিষ্ট শ্রেণির পাঠকের বাইরেও সাধারণ দর্শনার্থীর নজর কাড়ছে। বিশেষ করে ধামাইল গানের লোকসংস্কৃতি থেকে শুরু করে ১৯৪৭-পূর্ববর্তী ভারত উপমহাদেশের হিন্দু-মুসলিম সম্পর্কের ঐতিহাসিক দলিল নিয়ে আসা বইগুলো গবেষণাধর্মী সাহিত্যের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। প্রকাশকরা বলছেন, সংখ্যায় কম হলেও সময় ও সমাজকে গভীরভাবে বোঝার তাড়নায় অনেক পাঠক এখন প্রবন্ধের বইগুলো খুঁজছেন। 

প্রখ্যাত প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরীর ‘বিচ্ছিন্নতায় অসম্মতি’ বইটি নতুনভাবে নিয়ে এসেছে পাঞ্জেরী। ২০১৪ সালে বিদ্যাপ্রকাশ থেকে বইটি প্রথম প্রকাশ হয়েছিল। বইটির প্রবন্ধগুলোতে সিরাজুল ইসলাম চৌধুরী মানুষের সামাজিক সম্পর্ক, সংস্কৃতি ও রাজনৈতিক চেতনার নানা দিক বিশ্লেষণ করেছেন। পাঞ্জেরী থেকেই প্রকাশিত হয়েছে আরেকটি প্রবন্ধগ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ’। বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নাম তানভীর মোকাম্মেলের লেখা এই বইয়ে বাঙালির সংস্কৃতি, চলচ্চিত্র, শিক্ষা, সাহিত্য এবং বামপন্থি রাজনৈতিক চিন্তাধারা নিয়ে মোট ১২টি প্রবন্ধ রয়েছে। 

বাংলার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ধামাইল গান নিয়েও এসেছে একটি গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। এই সংগীতধারার উৎস ও বিবর্তন নিয়ে ‘ধামাইল উৎসের সন্ধানে’ শিরোনামে একটি প্রবন্ধ সংকলন প্রকাশ করেছে ভাষাচিত্র। বইটি সম্পাদনা করেছেন ড. অসীম চক্রবর্তী। স্টলের বিক্রয়কর্মী তাহসিন জানান, এবারের মেলায় প্রতিষ্ঠানটি প্রায় ১২টি প্রবন্ধগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করেছিল। কিন্তু মেলার সময়সীমা কমে যাওয়ায় ছয়টি বই প্রকাশ করা সম্ভব হয়েছে। 

ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল নিয়ে এসেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ইসরাইল খানের সংগ্রহ ও সম্পাদনায় প্রকাশিত ‘সাময়িকপত্রে হিন্দু-মুসলিম সম্পর্ক (১৯০১-৪৭)’ বইটিতে ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ একসময়ের সামাজিক ও রাজনৈতিক সম্পর্কের চিত্র উঠে এসেছে। সমকালীন শিল্প ও সাহিত্য বিশ্লেষণ নিয়ে বই প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। মাসউদ ইমরানের সম্পাদনায় প্রকাশিত ‘ক্রিটিক্যাল শিল্প ও সাহিত্যতত্ত্ব’ গ্রন্থে বাংলাদেশের শিল্প, সাহিত্য, আলোকচিত্র, চলচ্চিত্র ও ফ্যাশন নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। 

এ ছাড়া এবারের মেলায় আরও কয়েকটি প্রবন্ধগ্রন্থ প্রকাশ পেয়েছে। নব সাহিত্য প্রকাশনী প্রকাশ করেছে মাসুদুজ্জামান শান্তর ‘কালচার: মানুষের ভিতরের সভ্যতা’, পিয়াল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স থেকে বেরিয়েছে আকমল হোসেন খোকনের ‘গদ্যসর্বস্ব’, চন্দ্রাবতী একাডেমি প্রকাশ করেছে আসমা উল হোসনা চৌধুরীর ‘বাংলা গদ্যসাহিত্য: বিবিধ বিকিরণ’সহ আরও অনেক বই।

মেলায় আসা অনেক পাঠকই মনে করেন, প্রবন্ধের বই শুধু পড়ার আনন্দ দেয় না, বরং সময় ও সমাজকে বোঝার দিকনির্দেশনাও দেয়। দর্শনার্থী মোস্তাফিজুর রহমান বলেন, প্রবন্ধের বই পড়লে একটা বিষয়কে নানা দিক থেকে ভাবার সুযোগ পাওয়া যায়। তাই মেলায় এলে আমি কয়েকটি প্রবন্ধগ্রন্থ খুঁজে দেখি।

মূল মঞ্চের আয়োজন ও নতুন বই
গতকাল মেলায় নতুন বই জমা পড়েছে ১১৩টি। বিকেল ৩টায় মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: এম শমসের আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন এ বি এম ওবায়দুল ইসলাম। আলোচনায় অংশ নেন ফারসীম মান্নান মোহাম্মদী। সভাপতিত্ব করেন আরশাদ মোমেন। 

আজকের আয়োজন
বিকেল ৩টায় মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মুস্তাফা জামান আব্বাসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শারমিনী আব্বাসী। আলোচনায় অংশ নেবেন আশরাফুজ্জামান বাবু। সভাপতিত্ব করবেন ওয়াকিল আহমদ। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
 

আরও পড়ুন

×