সমবায় অধিদপ্তরের স্টলে পাওয়া যাচ্ছে উন্নয়ন ও সমবায় সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ
অতিথিদের পদচারণায় মুখরিত সমবায় অধিদপ্তরের স্টল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:০৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:০৪
অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ সমবায় অধিদপ্তরের স্টলে বর্তমান সরকারের উন্নয়ন ও সমবায় সম্পর্কিত বিভিন্ন গবেষণা গ্রন্থ ও সৃজনশীল বই-পুস্তক পাওয়া যাচ্ছে।
সমবায় অধিদপ্তরের নান্দনিক স্টল এবং এখানকার বইগুলো পাঠকদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। এখানে নীতিপ্রণেতা, উন্নয়নকর্মী, সমবায়ী, গবেষক, শিক্ষার্থী ও আগ্রহীদের সমবায় সম্পর্কে জানার অপরিমেয় সুযোগ রয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে সমবায় অধিদপ্তর থেকে প্রকাশিত গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও সমবায়: একটি ঐতিহ্য অনুসন্ধান’ নিয়ে আগ্রহী ও পাঠকদের ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।
সমবায় অধিদপ্তর প্রকাশিত আরও কিছু বইয়ের মধ্যে রয়েছে ‘নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকার: প্রসঙ্গ সমবায়’, ‘নারীর ক্ষমতায়নে সমবায়: অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’, ‘সমবায়ের বহুমাত্রিকতা’, ‘সমবায়ের আধুনিকতা’, ‘একখণ্ড বাংলাদেশ’, ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সমবায়’, ‘হাত বাড়ালেই সমবায়, হাতের মুঠোয় সমবায়’ ইত্যাদিসহ আরও বেশ কিছু সমবায় সম্পর্কিত বই।
এ ছাড়াও সমবায় অধিদপ্তরের স্টলে পাওয়া যাবে ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত পাঁচ খণ্ডের বার্ষিক প্রতিবেদন।
গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কেএম খালিদ স্টলটি পরিদর্শন করেন। এ সময়ে প্রতিমন্ত্রীকে ‘বঙ্গবন্ধু ও সমবায়: একটি ঐতিহ্য অনুসন্ধান’- গবেষণা গ্রন্থটি সৌজন্য উপহার দেওয়া হয়।
সমবায় নিয়ে আগ্রহীরা চাইলে ঘুরে আসতে পারেন অমর একুশে গ্রন্থমেলার সমবায় অধিদপ্তরের ৬৭৭ ও ৬৮৮ নং স্টল থেকে।
