ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

করোনাভাইরাস ছোঁয়াচে নয়: ওলামা লীগ

করোনাভাইরাস ছোঁয়াচে নয়: ওলামা লীগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ১৪:১০

করোনাভাইরাস যেখানে প্রতিদিন বিশ্বের শত শত মানুষের মৃত্যু ঘটাচ্ছে, অনেক মুসলিমপ্রধান দেশও যেখানে মসজিদ বন্ধ রেখে কঠোর লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে- সেখানে ওলামা লীগ নামের একটি সংগঠন বাংলাদেশ সরকারের অবস্থানকে চ্যালেঞ্জ করে বলেছে, এই ভাইরাস আদৌ ‘ছোঁয়াচে নয়’। বর্তমান পরিস্থিতিকে তারা একে মহামারিও বলতে রাজি নয়।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগের নেতারা আরও বলেন, মসজিদে সামাজিক দূরত্বের বিধি মেনে সীমিত পরিসরে জামাত আয়োজনের যে নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে, সেটা ‘কুফুরি মতবাদ’। করোনাকালে লকডাউনকে ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ বলেও আখ্যা দেন তারা।

অবশ্য অনেকগুলো ধারায় বিভক্ত ওলামা লীগের একটি অংশের নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এই ধরনের অপপ্রচার আইন বহির্ভূত।

জাতীয় প্রেস ক্লাবের সামনের ওই মানববন্ধন থেকে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ইসলামিক ফাউন্ডেশন করোনাভাইরাসকে মহামারি বলেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ মহামারি হয় একটি নির্দিষ্ট এলাকায়। আর করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে সারা বিশ্বে।

তার দাবি, ঘণ্টায় কমপক্ষে ২০ হাজার লোক মারা গেলে তখন তাকে ‘ইসলামের দৃষ্টিতে’ মহামারি বলা যায়। বাংলাদেশে প্রতিদিন ৩০-৩৫ জনের মৃত্যু প্রমাণ করে না যে করোনাভাইরাস মহামারি তৈরি করেছে।

আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, সংক্রমণ বা ছোঁয়াচে রোগ বলে বিশ্বাস করা ‘কুফরি ও শিরকি’। একটি মহল সরকারকে ‘ভুল বোঝাচ্ছে’।

সংগঠনের সভাপতি আক্তার হোসেন বুখারী বলেন, কোরবানির ঈদে করোনাভাইরাসের মিথ্যা প্রচারণা শক্ত হাতে বন্ধ করতে হবে। কোরবানি যাতে বাধাগ্রস্ত না হয়, গরিবের হক যাতে নষ্ট না হয়- তার জন্য শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

সোমবার এই মানববন্ধনে ওলামা লীগের ‘সমমনা সংগঠন’-এর দাবিদার আরও কয়েকটি ইসলামী সংগঠনের নেতারাও বক্তব্য রেখেছেন।

‘আওয়ামী ওলামা লীগ’ নামে কার্যক্রম পরিচালনা করে আসা এই সংগঠনের নেতারা দীর্ঘদিন ধরেই নিজেদের আওয়ামী লীগের ‘সহযোগী সংগঠন’ বা ‘সমমনা সংগঠন’ দাবি করে আসছেন। এমনকি সংগঠনের প্যাডে সংগঠনের কার্যালয় হিসেবে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানাও ব্যবহার করা হচ্ছে।

তবে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ শীর্ষ নেতারা একাধিকবারই সাফ জানিয়ে দেন, ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো রকম সম্পর্কই নেই। এদের বক্তব্যের সঙ্গেও আওয়ামী লীগের কোনো প্রকার সংশ্লিষ্টতাও নেই।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সোমবার বলেছেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ এমন অপপ্রচার করলে তার দায় তাদের নিতে হবে।

তিনি বলেন, সৌদি আরবের পবিত্র মদিনা শরিফেও এই মহামারির সময়ে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সীমিত পরিসরে নামজ আদায় শুরু হয়েছে। আর আমাদের দেশে কখনও মসজিদ বন্ধ হয়নি। সেখানে সীমিত পরিসরে মুসল্লিরা নামাজ পড়েছেন। স্বাস্থবিধি মেনে মসজিদে নামাজ আদায় করছেন। কাজেই এদের এই অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য আইনের আওতায় আসে কি না তা খতিয়ে দেখতে হবে।

আরও পড়ুন

×