আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১০, গুলিবিদ্ধ ২
সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১
রাজধানীর আদাবরে সন্ত্রাসী হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে সোমবারই ৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল পুলিশ। নতুন করে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তারা। এ সময় পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছে।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় রামদা, চাপাতি ও পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়।
বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মো. রাজু জানান, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতর থেকে কেউ বের না হওয়ায় তারা বাইরে থেকে ‘টাকা দে। বাড়িতে থাকিস, টাকা দিস না। বের হ।’ বলে হুমকি দিতে থাকে। একপর্যায়ে চাপাতি ও রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
রাজু বলেন, হামলাকারীরা বাড়ির গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইটের টুকরা দিয়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচও ভেঙে ফেলে।