নকশা থেকে নির্মাণে সমন্বয়ের গুরুত্ব
কাজী নাফিসা আনজুম
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৯:০৯
নির্মাণ জগতে এমন কোনো প্রজেক্ট খুঁজে পাওয়া কঠিন যেখানে শুরুর নকশায় সংশোধন হয়নি। পার্থক্যটা আসলে অন্য জায়গায়-কোন প্রজেক্টে সমস্যাগুলো শুরুতেই ধরা পড়ে, আর কোন প্রজেক্টে সেগুলো কনস্ট্রাকশন সাইটে গিয়ে সামনে আসে। যখন একটি সিদ্ধান্ত সাইটে গিয়ে বদলাতে হয়, তখন শুধু সময় নয়, শ্রম ও রিসোর্স—সবকিছুরই অতিরিক্ত ব্যবহার ঘটে।
একজন আর্কিটেক্ট হিসেবে কাজ করতে গিয়ে ধীরে ধীরে বুঝেছি, একটি ভবন শুধু নকশা দিয়ে তৈরি হয় না। একটি প্রজেক্টের পেছনে থাকে অনেক মানুষের কাজ-আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, ক্লায়েন্ট এবং বিভিন্ন কর্তৃপক্ষ। এই মানুষগুলোর সিদ্ধান্ত যদি শুরু থেকেই সমন্বিতভাবে না হয়, তাহলে সমস্যাগুলো পরে এসে সামনে পড়ে।
বাংলাদেশের কনস্ট্রাকশন সেক্টর অত্যন্ত গতিশীল। এখানে মানুষ বাস্তব অভিজ্ঞতার ওপর ভর করে দ্রুত সমস্যার সমাধান করতে পারে। অনেক বড় প্রজেক্ট সীমিত সময় ও নানা বাধা সত্ত্বেও এগিয়ে যায়। কিন্তু বড় প্রজেক্টে প্রায়ই দেখা যায়, শুরুতে এমন কোনো কমন প্ল্যাটফর্ম থাকে না যেখানে সবাই বসে একসঙ্গে প্রজেক্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। ডিজাইন এগিয়ে যায় একদিকে, আবার কস্ট, কনস্ট্রাকশন পদ্ধতি বা সম্ভাব্য রিস্ক নিয়ে আলোচনা আলাদাভাবে হয়।
ফলে অনেক সিদ্ধান্ত শেষ পর্যন্ত গিয়ে মিলে কনস্ট্রাকশন সাইটে, যখন পরিবর্তন আনা সবচেয়ে কঠিন হয়ে যায়। তখন সময় নষ্ট হয়, ম্যাটেরিয়াল বদলাতে হয়, কখনও কাজ নতুন করে করতে হয়। এই অপচয়ের বড় অংশই আসলে প্রজেক্টের শুরুতে সমন্বয়ের অভাব থেকে তৈরি হয়।
পরে নিউইয়র্কে পাবলিক হাউজিং প্রজেক্টে কাজ করার সময় দেখেছি, সেখানে অনেক ক্ষেত্রে প্রজেক্টের শুরুতেই প্রজেক্ট ম্যানেজমেন্ট পেশাজীবীরা যুক্ত থাকেন। তারা ডিজাইন করেন না, কিন্তু চেষ্টা করেন যাতে প্রজেক্টের স্কোপ, সময়, অনুমোদন এবং কনস্ট্রাকশন বাস্তবতা শুরু থেকেই একসঙ্গে বিবেচনা করা হয়। এতে অনেক সমস্যা সাইটে পৌঁছানোর আগেই ধরা পড়ে।
অবশ্য সেই ব্যবস্থারও সীমাবদ্ধতা আছে। অনেক সময় অতিরিক্ত নিয়ম বা ডকুমেন্টেশন সিদ্ধান্ত নিতে দেরি করায়। তবু একটি বিষয় স্পষ্ট, প্রজেক্টের শুরুতে ভালো কো-অর্ডিনেশন থাকলে অনেক সমস্যাই আগেই এড়ানো যায়।
বাংলাদেশ এখন দ্রুত নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন আবাসন, অবকাঠামো ও নগর উন্নয়ন প্রকল্প ক্রমেই বড় ও জটিল হয়ে উঠছে। এই বাস্তবতায় সৃজনশীল স্থাপত্যচিন্তার পাশাপাশি যদি শুরু থেকেই শক্তিশালী প্রজেক্ট ম্যানেজমেন্ট ও সমন্বয় তৈরি করা যায়, তাহলে আমাদের নির্মাণ খাত আরও দক্ষভাবে এগিয়ে যেতে পারবে।
একটি ভবন হয়তো শুরু হয় একটি রেখা দিয়ে, কিন্তু একটি সফল প্রজেক্ট শুরু হয় মানুষগুলোর একসঙ্গে বসে ভাবা থেকে।
কাজী নাফিসা আনজুম: স্থপতি ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পেশাজীবী; রাজউক তালিকাভুক্ত স্থপতি
- বিষয় :
- নির্মাণকাজ
- ভবন
- নকশা
