জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী: তাপস
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ২১:১৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ২১:৩৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। স্ত্রী আফরিন তাপসসহ পরিবারের সদস্যরা এ সময় তার সঙ্গে ছিলেন।
ব্যারিস্টার তাপস বলেন, 'ইনশাআল্লাহ, জয়লাভের ব্যাপারে আমি খুবই আশাবাদী। গত ১৮ দিন ধরে আমরা গণসংযোগে ছিলাম। আমরা যে উন্নয়নের রূপরেখা ও নির্বাচনী ইশতেহার দিয়েছি, সেটা ঢাকাবাসী অত্যন্ত সাদরে গ্রহণ করেছে। জয়লাভের ব্যাপারে আমি খুবই আশাবাদী।
ইভিএম নিয়ে বিএনপিসহ বিভিন্ন পক্ষের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, 'আমি প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম। এটা খুব সহজ পদ্ধতি। চাপ দেওয়ার পর প্রত্যেক প্রার্থী আর মার্কার ছবি ভেসে আসে। আমি আমার মার্কা নৌকায় ভোট দিয়েছি। এছাড়া ঘুড়ি ও আনারস মার্কায়ও ভোট দিয়েছি।'
তাপস আরও বলেন, 'গত ১৮ দিন ধরে আমরা গণসংযোগে ছিলাম। এখানে আমরা দেখেছি ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো প্রশ্ন নেই। বিএনপি গণসংযোগের সময় অভিযোগ নিয়েই ব্যস্ত ছিল। এখনও নালিশ নিয়েই ব্যস্ত আছে।'
ভোটের ফল যাই হোক মেনে নেবেন কি-না জানতে চাইলে ব্যারিস্টার তাপস বলেন, 'ভোটে জয়-পরাজয় আছে। ফল যাই হোক আমি মেনে নেব। তবে আমি আশাবাদী- ঢাকাবাসী আমাকে নিরাশ করবেন না, নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাপস বলেন, 'এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক। তাদের (বিএনপি) আসলে সাংগঠনিক কাঠামো সেভাবে নেই। এজেন্ট দেওয়ার মতো সামর্থ্যই নেই। যার কারণে তারা নিজেরাই অনেক কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি। এ কারণে এজেন্ট বিষয়ে তারা অযৌক্তিক অভিযোগ দিচ্ছে।'
উন্নত ঢাকা গড়ে তুলতে ঢাকাবাসী তাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে এ সময় আবারও আশাবাদ ব্যক্ত করেন ব্যরিস্টার ফজলে নূর তাপস।
