ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

এক থেকে দুই মিনিটেই ভোট দেওয়া যাচ্ছে ইভিএমে

এক থেকে দুই মিনিটেই ভোট দেওয়া যাচ্ছে ইভিএমে
×

সরেজমিনে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে ইভিএম নিয়ে ভোটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে- সমকাল

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ২২:২২ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:০৭

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারই প্রথমবারের মতো এই দুই সিটিতে শুধুমাত্র ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএমে ভোট নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা সময়ে আপত্তি জানানো হলেও শনিবার ভোট শুরুর পর ভোটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে।

ইভিএমে ভোট দেওয়ার পর ভোটাররা জানাচ্ছেন, তারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই ইভিএমে ভোট দিতে পারছেন। ভোট দিতে একজনের এক মিনিট থেকে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগছে। সরেজমিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে এমন চিত্রই উঠে এসেছে।

এই ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, ভোটকেন্দ্রে এসে তিনি কোনো ধরনের লাইন পাননি। ইভিএমে ভোট দিতে তার এক মিনিট লেগেছে। অর্থাৎ মাত্র এক মিনিটেই তিনি ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন।

এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। শনিবার সকালে রাজধানীর নারিন্দা হাইস্কুল কেন্দ্র থেকে তোলা ছবি- সাজ্জাদ নয়ন

তিনি আরও জানান, কেন্দ্রে গিয়ে তার ভোটার সিরিয়াল নম্বর বলার পর ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা একটি বাটনে চাপ দিলে তার ছবিসহ যাবতীয় তথ্য বেরিয়ে আসে। পরে তিনি ইভিএম মেশিনের বাটন চেপে মোট তিনটি ভোট দেন।

একই কেন্দ্রে ভোট দেন বিউটি আক্তার নামে স্থানীয় এক পিঠা বিক্রেতা। ভোট দেওয়ার পর এই নারী ভোটারের কাছে ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, 'ভোট দিতে আমার কোনো ধরনের সমস্যা হয়নি, দেড় থেকে দুই মিনিট লেগেছে ভোট দিতে।'

এই কেন্দ্রে আরও কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেও একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। এ ছাড়া ভোটের সার্বিক পরিস্থিতি নিয়েও ভোটারদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×