ভোটার উপস্থিতি কম হওয়ায় সন্তুষ্ট নন ড. কামাল
ড. কামাল হোসেন (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:১৫ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩০
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ায় পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সকাল ১০টা ৯ মিনিটে একটি প্রাইভেটকারে করে কেন্দ্রে ভোট দিতে আসেন কামাল হোসেন। কেন্দ্রের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে তিনতলায় উঠেন তিনি ভোট দিতে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কন্ট্রোল ইউনিটে প্রথমে বৃদ্ধাঙ্গুলের ছাপ দেন কামাল, কিন্তু তা না মেলায় তর্জনী আঙ্গুলের ছাপ দিতে বলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা কাউসার-ই-জাহান।
কোনো আঙ্গুলের ছাপই মেশিনে না মেলায় চার-পাঁচবার চেষ্টা করেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। কোনোভাবেই কামালের আঙ্গুল ইভিএম মেশিন শনাক্ত করতে না পারায় নিজের পিন নম্বর ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এরপর কম্পিউটার মনিটরে কামাল হোসেনের ছবি, বয়স, ভোটার নম্বর এবং বাসার ঠিকানা ভেসে উঠে। এরপর বাকী প্রক্রিয়া সেরে গোপন কক্ষে ঢুকে ইভিএমে নিজের ভোট দেন কামাল।
ভোটপ্রদান শেষে ইভিএম পদ্ধতির বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেই দেখলাম পদ্ধতিটি খুবই জটিল। ভোট দিতে অনেক সময় লাগছে।’
ড. কামাল বলেন, উপস্থিতি দেখে আমি মোটেই সন্তুষ্ট না। সকাল সাড়ে ১০টার মধ্যে একশ’র মতো ভোট পড়েছে। যেখানে এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ হাজার ৬শ'র মতো।
ড. কামাল অভিযোগ করেন, মানুষ আস্থা পাচ্ছে না। অথবা কোনো কারণে সেভাবে ভোট পড়ছে না।
