ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্র্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান নানকের
জাহাঙ্গীর কবির নানক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৩৭ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট চলাকালে শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দু’সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এতে ভোট গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের অনিয়মের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ইভিএম মেশিন নিজেই ভোট পাহারা দেয়। কারণ, আগুলের ছাপ মেলানোর পরই কোনো ভোটার তার ভোট প্রদান করতে পারে। তাই, এ প্রযুক্তিতে ভোট কারচুপির কোন সুযোগ নেই।
বিদেশি কূটনৈতিকদের নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে নানক বলেন, যে কোন স্বাধীন, সার্বভৌম দেশেই কূটনৈতিকদের কিছু শিষ্টাচার মেনে চলতে হয়। কিন্তু আমাদের দেশে সেটা তারা মানতে চান না।
তিনি বলেন, নির্বাচন কমিশনে গিয়ে আমরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি। তাদের কূটনৈতিক শিষ্টাচার মেনে চলতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর এ বিষয়ে কথা বলেছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি ভোটারদের উদ্দেশে আরো বলেন, আপনারা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে নগর পিতাদ্বয়কে নির্বাচিত করুন।
শনিবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সরকারের এই নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীকে। কিন্তু নির্বাচনী প্রচারে পিছিয়ে ছিলেন না সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। তাদের প্রচারেও মুখ্য ভূমিকায় ছিল দলীয় পরিচয়। ফলে স্থানীয় সরকারের উন্নয়ন কিংবা নাগরিক সেবার বিষয়টি ছাপিয়ে পুরোপুরি রাজনৈতিক রূপ পেয়েছে এবারের ভোটের লড়াই।
- বিষয় :
- সিটি নির্বাচন
