স্বচ্ছ শব্দের বানান আমি জানি, এর ব্যাপ্তি অনেক: মাহবুব তালুকদার
মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহা বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন ইসি মাহবুব তালুকদার- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০১:০৪ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৫৪
ভোটকেন্দ্র পরিদর্শন করে 'অনেক অভিযোগ' পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
শনিবার ঢাকার দুই সিটিতে ভোট চলাকালে রাজধানীর মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহা বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলবেন না বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, 'স্বচ্ছ শব্দের বানান আমি জানি, এর ব্যাপ্তি অনেক। এখানে অনেক অভিযোগ পেয়েছি, তবে এখন কোনো কথা বলবো না। তাহলে তা ছড়িয়ে যাবে।'
শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া এবং বাড়ি ফেরার বিষয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে অতীতে নানা অনিয়মের অভিযোগ থেকে রেহাই পেতেই ইভিএমে ভোটের আয়োজন করা হয়েছে।
- বিষয় :
- সিটি নির্বাচন
- মাহবুব তালুকদার
