নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ: ইশরাক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৭:০১
ঢাকা সিটি দক্ষিণে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তে ভোটাররা ক্ষুব্ধ হলেও নির্বাচন কমিশনের টনক নড়ছে না। ইভিএম ব্যবহারে ইসির অটল সিদ্ধান্তে প্রমানিত হয় যে, তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং সমর্থকসহ নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থী ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের এধরনে আচরণে এটি সুষ্পষ্ট যে, ক্ষমতাসীন বর্তমান শাসকগোষ্ঠী আবারও ভোটারদের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে কলঙ্কিত করতে চায়।
ইশরাক বলেন, এই মুহূর্ত থেকে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে ইভিএম পদ্ধতি বাতিলসহ নির্বাচনের আগ পর্যন্ত নতুন করে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বলেন, নির্বাচন কমিশন বর্তমান সরকারের ইচ্ছা পূরণে তৎপর রয়েছে বলেই তারা আবারও ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির মতোই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করতে চায়। আর এক্ষেত্রে ইভিএম পদ্ধতি ব্যবহারে ইসির সিদ্ধান্ত সেটিরই প্রমাণ।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার গণতন্ত্রকে কবরস্থ করে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে চায়।
এ সময় আরও বক্তব্য দেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি
গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
- বিষয় :
- ইশরাক হোসেন
- বিএনপি
- সিটি নির্বাচন
